রাজবাড়ী ও মাগুরায় ২৯ ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী ও মাগুরার শ্রীপুর উপজেলায় আগুন লেগে ২৯টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
এ ছাড়া মাগুরার শালিখা উপজেলায় বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে সড়ক দিয়ে যাওয়া পাটখড়িবোঝাই একটি ট্রাকে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কালুখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গতমপুর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে আগুনে ২০টি ঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও স্থানীয় বাসিন্দা সামছুল আলম বলেন, বেলা দুইটার দিকে গ্রামের হাফিজুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ২০টি ঘর পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন হাফিজুল ইসলাম, জাকির হোসেন, আলমগীর হোসেন, রেহেনা বেগম, দুলাল শেখ, ইউনুচ আলী, আরজু শেখ, জালাল শেখ, দেলোয়ার হোসেন, তোতা শেখ ও আনসার হাওলাদার। খবর পেয়ে পাংশা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘরে রাখা রসুন, পেঁয়াজ, গম, মসুর, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন।
অপর দিকে মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শ্রীপুরের মাঝাইল মান্দারতলা গ্রামের আবুল হোসেনের বাড়ির রান্নাঘরের চুলা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশাপাশি অবস্থিত আবুল হোসেন ও তাঁর দুই ছেলের বাড়ির নয়টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আবুল হোসেনের দাবি, আগুনে তিনি ও তাঁর ছেলেদের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একই দিন বেলা তিনটার দিকে শালিখা উপজেলার সিংড়া গ্রাম থেকে পাটখড়িবোঝাই একটি ট্রাক আড়পাড়া-সিংড়া সড়ক দিয়ে যাচ্ছিল। ট্রাকটি সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া একটি বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় পাটখড়ি লেগে তারটি ছিঁড়ে পড়ে। এ সময় পাটখড়িতে আগুন লেগে যায়। তবে চালক টের না পাওয়ায় প্রায় আধা কিলোমিটার পথে আগুন লাগা পাটখড়ি পড়ে ঝোপ-জঙ্গলসহ দুটি বাড়িতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে মালামাল পুড়ে গেলেও ট্রাকটির তেমন ক্ষতি হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।