রাজবাড়ী-ফরিদপুর ট্রেন চলাচল শুরু
১৭ বছর বন্ধ থাকার পর গতকাল বুধবার দুপুরে রাজবাড়ী-ফরিদপুর রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী রেলস্টেশন চত্বরে বেলা ১১টায় রেলওয়ে বিভাগের উদ্যোগে ‘শুভ সন্ধিক্ষণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় ফরিদপুর রেলস্টেশন থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে রেলস্টেশনের পাশে উদ্বোধনী ফলক উন্মোচন করেন তাঁরা। এ সময় রেলপথসচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন রেলমন্ত্রীর কাছে রাজবাড়ী থেকে প্রতিদিন তিনটি ট্রেন চালুর দাবি জানান। পরে সন্ধ্যায় ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী প্রমুখ।
রাজবাড়ী রেলস্টেশন সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল আটটায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ট্রেনটি ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি পাঁচুরিয়া, খানখানাপুর, বসন্তপুর, আমিরাবাদ, অম্বিকাপুর হয়ে আটটা ৫০ মিনিটে ফরিদপুর পৌঁছাবে। পরে ফরিদপুর থেকে নয়টা ২০ মিনিটে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসবে।