রাজবাড়ীতে আগুনে পুড়ল আট দোকান
রাজবাড়ীতে গত শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দা মোস্তাক জামিল বলেন, আমিন খানের দোকানে ব্যাটারি চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে আমিন খানের বৈদ্যুতিক সামগ্রী ও মুঠোফোনের দোকান, সিদ্দিকুর রহমানের ওষুধের দোকান, বিল্লাল হোসেন মণ্ডলের দরজি ও প্রসাধনীর দোকান, রিয়াজ মণ্ডলের মালামালের গুদাম, নাছির বিশ্বাসের কম্পিউটারের দোকান, নজরুল ইসলামের মুদি দোকান, নাজমুল কাজীর ফোনের দোকান, কাউছার মণ্ডলের মুদি দোকান পুড়ে যায়।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক (সদস্য সেবা) কামাল জিয়াউল ইসলাম বলেন, ব্যাটারি চার্জ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।