রাজবাড়ীতে আত্মহত্যার চেষ্টা কলেজছাত্রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরের বিনোদপুরের কলেজপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জিসান বারী (১৯) নামের এক তরুণ। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, জিসান রাজবাড়ী সরকারি কলেজের ব্যবসা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। ২৫ আগস্ট বিকেলে তিনি একই শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের এক ছাত্রীর শ্লীলতাহানি-চেষ্টার একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ওই ঘটনার পরের দিন আহত ছাত্রীর বাবা বাদী হয়ে জিসান বারীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এসব নিয়ে অভিভাবকেরা জিসানকে গালমন্দ করলে গতকাল সকালে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।