রাজবাড়ীতে ছাত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় কলেজপড়ুয়া মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে।
নিহত ওই কিশোরীর নাম মর্জিনা খাতুন (১৭)। সে ওই গ্রামের আজগর আলীর মেয়ে ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মকছেদ আলী জানান, এক প্রতিবেশীর সঙ্গে হাফসিয়ার (নিহতের মা) অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারের মধ্যে কলহ চলছিল। মঙ্গলবার দুপুরে খোরশেদ হাফসিয়াদের বাড়িতে যান। কলেজ থেকে ফিরে মর্জিনা তাঁদের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাফসিয়ার স্বামী আজগর আলী বলেন, ‘খোরশেদকে টাকা ধার না দেওয়ায় আমার বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশের ভয়ে আমি ও আমার ছেলে বাড়িতে ছিলাম না। তাঁরা দুজন মিলে মেয়েকে হত্যা করেছে।’
হাফসিয়া খাতুন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম মিজানুর রহমান জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। মামলায় হাফসিয়া ও খোরশেদকে আসামি করা হয়েছে। খোরশেদ পলাতক রয়েছে। গতকাল বুধবার হাফসিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।