রাজবাড়ীতে জেলা প্রশাসকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুপ্রবেশের অভিযোগে গত রোববার দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর প্রতিবাদে ও জেলা প্রশাসকের অপসারণের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।
রোববার বিকেলে জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় ওই মামলা করেন। পরে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
মামলার আসামিরা হলেন একুশে টেলিভিশন ও কালের কণ্ঠ-এর রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন এবং স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠ-এর নিজস্ব প্রতিবেদক আল মামুন আরজু।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংবাদিক জাহাঙ্গীর, আরজুসহ কয়েকজন জোর করে জেলা প্রশাসকের বাংলোতে ঢোকার চেষ্টা করেন। বাধা দিলে তাঁরা প্রহরী নজরুলকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে গানম্যান মো. এরশাদ ও আর্দালি মিলন ব্যাপারীর সহায়তায় তাঁদের বের করা হয়।
এ বিষয়ে সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও আল মামুন আরজু বলেন, একটি জাতীয় দৈনিকে জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান ছাত্রশিবিরের বুয়েট শাখার সভাপতি ছিলেন বলে প্রতিবেদন ছাপা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসকের মন্তব্য জানার জন্য দুপুর ১২টার দিকে প্রথমে কার্যালয়ে ও পরে বাংলোর কার্যালয়ে আসেন তাঁরা।
এ সময় কার্যালয়ের পিয়নরা বিষয়টি জেলা প্রশাসককে জানান। কিন্তু জেলা প্রশাসক দেখা করতে অস্বীকৃতি জানালে তাঁরা কার্যালয়ে ঢোকেন। এ সময় কারও সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেন তাঁরা।
এদিকে এ ঘটনায় হওয়া বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানকে রাজবাড়ী থেকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিটিভির জেলা প্রতিনিধি মো. সানাউল্লাহ। এতে বক্তব্য দেন সাপ্তাহিক অনুসন্ধান-এর সম্পাদক আবু রেজা আশরাফুল মাসুদ, যুগান্তর-এর রাজবাড়ী প্রতিনিধি আবু মুসা বিশ্বাস প্রমুখ।
এ বিষয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান গতকাল বিকেলে বলেন, ‘সরকারি কাজে বাধা প্রদান এবং কাউকে আঘাত করলে মামলা তো হবেই। আর মামলা আমি করিনি। এখানে আমার অপসারণের বিষয়টি আসার কথা না।’