রাজবাড়ীতে নিখোঁজের ৫২ দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিখোঁজের ৫২ দিন পর গতকাল শুক্রবার হারুন শেখ (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
হারুন উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।
হারুনের মামা ফিরোজ বিশ্বাস বলেন, হারুন উপজেলার বারমল্লিকা গ্রামের আবুল কাশেম শেখের মুরগি ও মাছের খামারে কাজ করতেন। ১ সেপ্টেম্বর রাতে আবুল কাশেম ফোন করে হারুনকে খামারে যেতে বলেন। ফোনে কথা বলার পর হারুন বাড়ি থেকে বের হন।
এরপর থেকে হারুন নিখোঁজ ছিলেন। পরের দিন ফিরোজ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাজবাড়ী আদালতে হারুনের মা শেফালী আক্তার বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। মামলায় হারুনের স্ত্রীকে সাক্ষী করা হয়। মামলার পর হারুনের স্ত্রী তাঁর বাবার বাড়ি চলে যান। ১৩ অক্টোবর হারুনের মা বাদী হয়ে আবুল কাসেম, সহকর্মী শুকুর আলী এবং হারুনের স্ত্রীর নাম উল্লেখ করে আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার পরের দিন হারুনের স্ত্রী ও শুকুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আবুল কাশেম পলাতক রয়েছেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে গতকাল বেলা একটার দিকে স্থানীয় বিল থেকে কচুরিপানা দিয়ে ঢাকা বস্তাবন্দী অবস্থায় হারুনের লাশ উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।