রাজবাড়ীতে পদ্মার ভাঙন শুরু, ঝুঁকিতে স্থাপনা

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পাঁচ কিলোমিটার এলাকায় বর্ষা শুরুর আগেই পদ্মার ভাঙন শুরু হয়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও তিন হাজার পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সদর উপজেলার লক্ষ্মীকোলের বোলতা জলকপাট (স্লুইসগেট) থেকে অন্তারমোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। এতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি বাজার, কবরস্থান ও শত বছরের পুরোনো মিয়া বাড়িসহ তিন সহস্রাধিক বসতবাড়ি পদ্মায় বিলীন হতে পারে। ভাঙন অনেক স্থানে বেড়িবাঁধের ৫০ গজের মধ্যে চলে এসেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে বাঁধ ধসে গেছে। উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় দেওয়া পাইলিং ভেঙে গেছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেওয়ান জহুরুল ইসলাম বলেন, গত বছর নদীভাঙনের মুখে পড়ে বিদ্যালয়টি। তখন বাঁশের পাইলিং করে কিছু বালুর বস্তা ফেলে কোনোমতে ভাঙন রোধের চেষ্টা করা হয়। এবার প্রশাসন জোরালো ব্যবস্থা না নিলে বর্ষার আগেই হয়তো প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি নদীগর্ভে বিলীন হবে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পাকুরিয়ায় ২০১২ সালে পদ্মার তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২-১৩ অর্থবছরে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের জন্য জরুরি ভিত্তিতে আড়াই শ মিটার দীর্ঘ এ তীর সংরক্ষণে দরপত্র আহ্বান করা হয়। কুষ্টিয়ার আমলাপাড়া এলাকার মণ্ডল অ্যান্ড কোং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাকিউল গনি। তিনি বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি। ২৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২০১২ সালের ২০ নভেম্বরের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল তাঁর। কিন্তু কাজ শেষ না করেই প্রতিষ্ঠানটি চলে যায়। এ ছাড়া জরুরি ভিত্তিতে এক শ মিটার এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন রোধের দায়িত্ব দেওয়া হয় আসাদুজ্জামানকে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। দরপত্র ছাড়াই সরাসরি বাস্তবায়ন-পদ্ধতির মাধ্যমে সাড়ে আট লাখ টাকা চুক্তিতে এই কাজ শুরু হয় গত বছরের ১২ জুলাই। কিন্তু কাজ চলাকালেই ধস সৃষ্টি হয়। এরপর ওই নেতা পুরো বিল তুলে নিলেও ভাঙন রোধের কাজটি আর করেননি।
পাউবোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গৌর পদ সূত্রধর বলেন, ‘পদ্মার পানি কেবল বাড়তে শুরু করেছে। এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’