রাজবাড়ীতে বসতভিটা ও জমি নদীগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনে গত ১৫ দিনে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের এক হাজার ৫০০ পরিবারের বসতভিটা ও আড়াই হাজার বিঘা জমি বিলীন হয়েছে। দেড় কিলোমিটার পাকা ও প্রায় ২০ কিলোমিটার কাঁচা রাস্তা নদীগর্ভে চলে গেছে।
জমিজমা ও বসতভিটা হারিয়ে অর্থ ও খাদ্যের অভাবে অনেকে মানবেতর জীবন যাপন করছে। অনেক পরিবার পানিবন্দী হয়ে আছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পানিবন্দী অনেক পরিবারের লোকজন বাড়ির গাছপালা কেটে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় কেউ কেউ নৌকা বা কলাগাছের ভেলায় করে দূর থেকে খাবার পানি নিয়ে আসছে। পূর্ব চরআফড়া ও চররামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চরআফড়া কমিউনিটি ক্লিনিক ও চররামনগর, পূর্ব চরআফড়া ও চরশাহমিরপুর জামে মসজিদ ভাঙনের হুমকিতে রয়েছে। চরশাহমিরপুর গ্রামের সহিতন নেছা (৬৯) বলেন, ‘শুধু তো ফটো তোলেন, তাতে আমাদের তো কোনো লাভ নাই। স্বামী নাই, বড় ছেলেরাও আলাদা থাকে, একটি পাগল ছেলেকে নিয়া থাকি। এখন বাড়িটাও নিয়া নিল নদী, যদি পারেন একটু সাহায্যের ব্যবস্থা করেন।’
পূর্ব চরআফড়া গ্রামের শাজাহান মোল্লা (৬২) বলেন, ‘তিন বিঘা জমিতে মেহগনিগাছের বাগান করেছিলাম। সব নদীতে চলে যাওয়ায় কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ একই গ্রামের আনোরা বেগম (৫২) জানান, তাঁর স্বামী মারা যাওয়ার পর বছর খানেক আগে বিদেশে ছেলেও মারা যায়। ছেলেকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন। সেই টাকা এখনো পরিশোধ করতে পারেননি। এখন তাঁর বসতভিটাও নদীতে বিলীন হয়েছে।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মুকুল বিশ্বাস জানান, চরশাহমিরপুর গ্রামের পুরো অংশ এবং শাহমিরপুর গ্রামের অর্ধেক অংশ নদীতে বিলীন হয়ে গেছে। আর শাহমিরপুর গ্রামের বাকি অংশ নদীর পানিতে প্লাবিত হয়ে আছে। ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আল আমীন জানান, চররামনগর গ্রামের পুরোটাই, সাদারচর গ্রামের অর্ধেক এবং পূর্ব চরআফড়া গ্রামের এক-চতুর্থাংশ পদ্মার পেটে চলে গেছে। এই ওয়ার্ডের অন্যরা এখন পানিবন্দী অবস্থায় আছে। গবাদিপশু নিয়ে এসব এলাকার লোকজন মারাত্মকভাবে বিপাকে পড়েছে। তারা গবাদিপশুকে ঠিকমতো খাবার দিতে পারছে না। ৭ নম্বর ওয়ার্ডের এক-চতুর্থাংশ বিলীন ও বাকি অংশ প্লাবিত হয়েছে।
ইউপির চেয়ারম্যান আল মামুন খান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে সহায়তা করার জন্য নিয়মিত উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। আশ্বাস পেলেও এখনো সাহায্য-সহযোগিতা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম খান জানান, হাবাসপুর ইউনিয়নের দেড় হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষের সহায়তার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।