রাজবাড়ীতে ভাঙনের মুখে দুটি প্রাথমিক বিদ্যালয়

পদ্মার ভাঙনে রাজবাড়ী সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকিতে রয়েছে। যেকোনো দিন বিদ্যালয় দুটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিদ্যালয় দুটি হলো বরাট ইউনিয়নের উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় সূত্র জানায়, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩০ সালে ও মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে স্থাপিত হয়। সাম্প্রতিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই শতভাগ পাস করেছে। বর্তমানে উড়াকান্দায় ২৪৯ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং মহাদেবপুরে ১৯৯ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন।
সরেজমিনে দেখা গেছে, উড়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ে একটি পাকা ও একটি আধা পাকা ভবনে আটটি কক্ষ রয়েছে। কিন্তু পদ্মা ভাঙতে ভাঙতে একেবারে ভবনের পাশে চলে এসেছে। আর মাত্র ১০-১২ ফুট দূরে রয়েছে। বিদ্যালয়টি রক্ষার চেষ্টায় এলাকাবাসী নদীতে বাঁশের বেড়া দিয়েছেন। অপরদিকে মহাদেবপুর বিদ্যালয়টি নদী থেকে মাত্র ৩০ ফুটের মতো দূরে। সেটি রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উড়াকান্দা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারুফ ইসলাম বলে, ‘আমাদের স্কুলটি ভেঙে যাচ্ছে, কিন্তু সরকার কিছু করছে না। আমাদের স্কুল পদ্মায় চলে যাবে ভাবলে খুব কষ্ট পাই।’ তার কথার প্রতি সমর্থন জানায় নিজামুল ইসলাম, মিতু আক্তার, শাহানাজ আক্তার, ইমরান প্রামাণিক, রীনা খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী।
উড়াকান্দা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক ও মহাদেবপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম জানান, বিদ্যালয় রক্ষার জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। পানি নেমে গেলে শুষ্ক মৌসুমে বিদ্যালয় রক্ষার কাজ করা হবে বলে তাঁরা আশ্বস্ত করেছেন।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার জানান, বিদ্যালয় দুটি রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইউএনও এরশাদ হোসেন খান বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।