রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেনের ১৬৫তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। বাংলা একাডেমী গতকাল মঙ্গলবার এসব কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভায় প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য কাজী কেরামত আলী। এতে ‘মীরের উত্তরাধিকার’ প্রবন্ধটি পাঠ করেন অধ্যাপক শান্তনু কায়সার। আলোচনা করেন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, সাহিত্যিক আনিসুল হক, বিনয় কুমার চক্রবর্তী, জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সদস্য জিল্লুল হাকিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আলোচনা শেষে নাটক কোট মার্শাল মঞ্চস্থ করেন ময়মনসিংহের নাট্যশিল্পীরা। এ ছাড়া স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলা উদ্যাপন কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তিনি যখন উদাসীন পথিকের মনের কথা লিখলেন, তখন পাঠক বলল, এটি তাঁর সেরা রচনা। আবার গাজী মিয়ার বস্তানী পাঠের পর মনে হয়েছে, এটিই সেরা রচনা। তাঁর সেরা সাহিত্য বিষাদসিন্ধু পাঠকের মনে চিরস্থায়ী ঠাঁই করে নিয়েছে। শামসুজ্জামান খান বলেন, এ এলাকায়ও মীর মশাররফ হোসেন নিয়ে লেখালেখি হচ্ছে। তাতে কিছু তথ্যগত ভুল থাকলেও এটি ভালো দিক।