রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক সড়কের রাজবাড়ী শহরের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহত ব্যবসায়ীর নাম উত্তম কুমার দে (৫২)। তিনি রাজবাড়ী পানবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা ছিলেন। আহত ব্যক্তিরা রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া একটি মাহেন্দ্রর সঙ্গে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।
এতে উত্তম কুমার নামের এক ব্যক্তি নিহত এবং চালকসহ মাহেন্দ্রর চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪২), ইসলাম হোসেন (৩৫), কাজী মোশাররফ হোসেন (৫২) ও সাকিল আহমেদ (২২)। আহত ব্যক্তিদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে জাহাঙ্গীরের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।