রাজবাড়ীতে সাত ভাটাকে জরিমানা
রাজবাড়ীতে গতকাল রোববার সাতটি ইটভাটার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মো. সেলিম রেজা এ আদালত পরিচালনা করেন।
এ সময় ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (এডি) সাঈদ আনোয়ার উপস্থিত ছিলেন। সনাতন পদ্ধতি ও কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করায় ভাটাগুলোকে জরিমানা করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের এইচএনবি ব্রিকসকে ৯০ হাজার টাকা, শরিফুল ইসলামের কেটিবি ব্রিকসকে ৫০ হাজার, নুরুল ইসলাম মিয়ার এনআইবি ব্রিকসকে ৪০ হাজার, এস এম সবুরের মেসার্স সরদার ব্রাদার্সকে ৫০ হাজার, আকতারুজ্জামান হাসানের জেডবিআই ব্রিকসকে ৫০ হাজার, ইউসুব হোসেনের আরএনবি ব্রিকসকে ৪০ হাজার ও নাছির উদ্দিন শেখের এনবি ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সনাতন পদ্ধতিতে ইটভাটা চালানোয় এইচএনবি, কেটিবি ও পিবি ব্রিকসের চিমনি ভেঙে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। পিবি ব্রিকসের মালিক গণেশ সাহা পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।