রাজবাড়ীর গুলিবিদ্ধ যুবক মারা গেছেন
রাজবাড়ীতে গুলিবিদ্ধ আবদুর রাজ্জাক মোল্লা (৪৫) আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার মারা গেছেন। তাঁর বাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামে।
নিহত রাজ্জাক মোল্লার বড় ভাই মোসলেম মোল্লা বলেন, বাগমারা এলাকার মাদক ব্যবসায়ী নজরুলকে গত বছরের জুলাই মাসে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। নজরুলের ধারণা, তাঁকে গ্রেপ্তারের পেছনে রাজ্জাকের ভূমিকা আছে। প্রায় সাড়ে তিন মাস পর জামিনে বের হয়ে তিনি রাজ্জাককে একাধিকবার হুমকি দেন। ২৪ জুন বিকেলে রাজ্জাক রিকশায় করে সূর্যনগর থেকে রাজবাড়ী শহরে যাচ্ছিলেন। পথে বাগমারায় নজরুল ও তাঁর সঙ্গীরা রাজ্জাককে গুলি করে পালিয়ে যান। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল বুধবার তাঁর লাশ গ্রামের বাড়িতে আসে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই কামরুল ইসলাম বলেন, নজরুল পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।