রাজবাড়ীর বাগমারা-জৌকুরা সড়কে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মোড় থেকে জৌকুরা ফেরিঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। ছবিটি সম্প্রতি সূর্যনগর রেলস্টেশন এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মোড় থেকে জৌকুরা ফেরিঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। ছবিটি সম্প্রতি সূর্যনগর রেলস্টেশন এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মোড় থেকে জৌকুরা ফেরিঘাট পর্যন্ত সড়কে খানাখন্দের কারণে প্রায় এক বছর ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে উত্তরবঙ্গের পাবনা, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার যোগাযোগের সহজ ও দ্রুততম মাধ্যম রাজবাড়ীর জৌকুরা এবং পাবনার নাজিরগঞ্জের নৌপথ। জৌকুরা ফেরিঘাট থেকে প্রতিদিন সকাল আটটা থেকে লোকাল বাস ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যেত। একইভাবে ফরিদপুর থেকেও রাজবাড়ী হয়ে জৌকুরার উদ্দেশে বাস আসত। কিন্তু রাস্তার যত্রতত্র খানাখন্দ থাকায় বাসমালিকেরা এই রাস্তায় এক বছরের বেশি সময় ধরে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
এখন ফরিদপুর থেকে ছেড়ে আসা লোকাল বাস রাজবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করে। ফলে জৌকুরা অঞ্চলের বাসিন্দাদের রাজবাড়ী শহরের আসার জন্য অটোরিকশা, রিকশা বা বিভিন্ন নিষিদ্ধ যান (নছিমন, করিমন ইত্যাদি) ব্যবহার করতে হয়। এতে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন শস্য ও সবজি শহরে পৌঁছানোর ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয়। এতে যেমন খরচ বেড়ে যায়, তেমনি লাগে অতিরিক্ত সময়।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন বিশ্বাস বলেন, ‘কয়েক মাস আগে রাস্তাটি সংস্কার করা হয়েছে। সে সময় রাস্তার এক অংশকে অন্য অংশের চেয়ে অনেক বেশি উঁচু করা হয়। এতে যান চলাচলে সমস্যা হচ্ছে। আর খানাখন্দকে নিয়তি মেনেই গাড়ি চালাই।’
জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, রাস্তা মেরামতের জন্য সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু পদক্ষেপ না নেওয়ায় মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছে।
রাজবাড়ী সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জানায়, ২০১১ সাল থেকে গত অর্থবছর পর্যন্ত ওই সড়ক মেরামতের জন্য এক কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু অতিরিক্ত বালুবাহী ১০ চাকার ট্রাক চলাচল করায় রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়। এসব ট্রাক চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী বিমল কুমার সন্ন্যাসী জানান, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সঙ্গে নৌপথ সচল রাখতে পাবনার নাজিরগঞ্জের বর্তমান ফেরিঘাটটি ভাটিতে তিন কিলোমিটার সরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য ৩১ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে সাড়ে পাঁচ মিটার চওড়া এবং ৯ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের (রাজবাড়ী অংশে সাড়ে ছয় কিলোমিটার এবং পাবনার অংশে প্রায় তিন কিলোমিটার) রাস্তা নির্মাণের প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে।