রাজবাড়ীর পাংশা উপজেলায় বাউলদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ী এবং কুষ্টিয়ায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ ব্যাপারে গতকাল রোববার পাংশা থানায় মামলা করা হয়েছে। রাজবাড়ী: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামের ফকির মোহাম্মদ নিজ বাড়িতে প্রতিবছর এপ্রিল মাসের ৪ ও ৫ তারিখে সাধুসংঘের আয়োজন করেন। এতে দেশের বিভিন্ন জায়গার বাউল ফকিরেরা অংশ নেন।স্থানীয় মৃগী শহীদ দিয়ানত কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জানান, ৫ এপ্রিল ফকির মোহাম্মদের বাড়িতে ওই অনুষ্ঠান চলাকালে সকাল নয়টার দিকে স্থানীয় রায়নগর মাদ্রাসার শিক্ষক ইউনুস কারি ও কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় বাউল ফকিরদের বেধড়ক পেটানো হয়। পরে ২৮ জন বাউল ফকিরকে বেঁধে চর রামনগর মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে তওবা পড়িয়ে তাঁদের চুল ও গোঁফ কেটে দেওয়া হয়।এ ব্যাপারে আতিয়ার রহমান দাবি করেন, বাউলদের কাজ ইসলামবিরোধী। তিনি বাউলদের সঙ্গে আলোচনার জন্য ওই গ্রামে গিয়েছিলেন। এলাকার যুবকেরা বাউলদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তাঁদের চুল ও গোঁফ কেটে দেয়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মোফাজ্জেল হোসেন প্রথম আলোকে জানান, ঘটনার দিনই ফকির মোহাম্মদ থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল ফকির মোহাম্মদ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত ১৩ আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা থানার উপপরিদর্শক (্এসআই) শেখ মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে এ ঘটনার প্রতিবাদে রোববার রাজবাড়ী শহর ও পাংশা উপজেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিকেলে পাংশা উপজেলার টেম্পোর মোড়ে ‘লালনভক্ত বাউল ফকিরদের’ উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এ ঘটনাকে ন্যক্কারজনক আখ্যায়িত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বিভিন্ন জায়গার পাঁচ শতাধিক বাউল অংশ নেন।রাজবাড়ী শহরের প্রেসক্লাবের সামনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সকালে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন রাজবাড়ী লালন একাডেমির প্রধান উপদেষ্টা ও সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, মৈত্রী থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ শংকরচন্দ্র সিনহা, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সুনীল কুমার বিশ্বাস, আলাউদ্দিন বাউল প্রমুখ। পরে শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। কুষ্টিয়া: এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় গতকাল সর্বস্তরের বাউল ফকির ও সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সন্ধ্যা ছয়টায় কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রায় শতাধিক বাউল উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তাঁরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে পৌর বিজয় উল্লাস চত্বরে সমাবেশ হয়।পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট লালন গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল আহসান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লালিম হক প্রমুখ। সমাবেশে বক্তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।