রাজবাড়ী ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
পৃথক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় তিনজন এবং মেহেরপুরের গাংনী উপজেলায় একজন নিহত হন। গতকাল রোববার ও গত শনিবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালুখালী উপজেলার রাজ্জাক মণ্ডল (৩৫) ও তাঁর মা সাজেদা খাতুন (৫৫); বালিয়াকান্দির অমল কুমার মোদক (৫০) এবং গাংনী উপজেলার আতিয়ার রহমান (৫৫)।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকালে পাংশা থেকে মোটরসাইকেলে করে রাজ্জাক মণ্ডল তাঁর অসুস্থ মা সাজেদা খাতুনকে নিয়ে ডাক্তার দেখাতে রাজবাড়ী যাচ্ছিলেন। পথে কালুখালী উপজেলার গড়িয়া কালীবািড় এলাকায় রাজ্জাক একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মোটরসাইকেলের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান। তাঁরা রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামের বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট শাহিনুর ইসলাম জানান, লাশ দুটি উদ্ধার করে গান্ধীমারা হাইওয়ে থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। তবে গাড়ি দুটির চালকেরা পালিয়েছেন।
এদিকে শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মুদি দোকানের ওপর উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে দোকানি অমল কুমার মোদক মারা যান। তিনি স্থানীয় চর ফরিদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
এদিকে গাংনী উপজেলার চেংগাড়া এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে অপর দুর্ঘটনায় আতিয়ার প্রাণ হারান। তিনি উপজেলার ধানখোলা ইউনিয়নের কষবা গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ জানায়, কয়েক দিন পরেই আতিয়ারের মেয়ের বিয়ে হওয়ার কথা। গতকাল বিকেলে জোড়পুকুরিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত দিতে যান। চেংগাড়া গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাংনী থানা-পুলিশের একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ সদস্যরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন সন্ধ্যায় বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।