রাজবাড়ী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজবাড়ী ও গাজীপুর জেলায় আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে। এর মধ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুজন এবং গাজীপুরের শ্রীপুরে একজন নিহত হয়।
রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। আজ বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার সোনাপুর-পাংশা সড়কের মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাকিব হোসেন (১৭) ও তুহিন মণ্ডল (১৯)। তাঁরা পাংশা উপজেলা শহরের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চরকুলটিয়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন ওই দুই তরুণ। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) খান বিল্লাল হোসেন বলেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।
সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুরের শ্রীপুরে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক ট্রাকচালক। উপজেলার ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম রকিব মিয়া (২৩)। তিনি উপজেলার দড়ি খোঁজেখানি গ্রামের দেলোয়ারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনাগামী একটি বালুবাহী ট্রাক বিকল হলে ট্রাকটি ভাংনাহাটি গ্রামের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ক্যাম্পাসের সামনে পার্ক করেন চালক রকিব। পরে তিনি ট্রাকের পেছনের চাকা খোলার চেষ্টা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্রিন স্মার্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্মীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।