রাজবাড়ী ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজবাড়ী ও চাঁদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুজন। রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় অধীর বিশ্বাস (৬০) নামের এক বই ব্যবসায়ী নিহত হন। আর চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় জান্নাতুল মাওয়া (৭) নামের এক স্কুলছাত্রী।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার কুষ্টিয়া বাস কাউন্টারের সামনে গতকাল শনিবার রাত ১২টার দিকে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি বাসের চাপায় অধীর বিশ্বাস মারা যান। তিনি রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনবাড়ি এলাকার মৃত হরিপদ বিশ্বাসের ছেলে।
নিহত অধীর বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস আজ রোববার সাংবাদিকদের জানান, গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে অধীর বিশ্বাস ঢাকায় তাঁর মেয়ের বাসায় বেড়াতে যান। বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত পৌনে ১২টার দিকে ফেরি থেকে নামার পর দৌলতদিয়া ঘাট টার্মিনালসংলগ্ন এলাকায় ইঞ্জিনচালিত থ্রি-হুইলারে (মাহেন্দ্র) ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ফেরি থেকে নেমে আসা কুষ্টিয়াগামী লালন পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, এ ঘটনার পর ঘাতক বাসটিকে রাতেই আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
এদিকে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় জান্নাতুল মাওয়া। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিটি রোডে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল মাওয়া ষোলঘর মিজিবাড়ির খোরশেদ মিজির মেয়ে। সে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী সুমন জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পথে বিটি রোডের ইসমাইল খাঁর বাড়ির সামনে অটোরিকশাটি রাস্তার পাশে থাকা স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা জান্নাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।