সাতক্ষীরার তালা উপজেলায় গত বৃহস্পতিবার আবুল হাশেম (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন। একই দিনে রাজবাড়ী সদর উপজেলায় আরেক কৃষক নিহত হয়েছেন। ভাতিজার হামলায় তিনি নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। যশোরের চৌগাছা উপজেলায় ওই দিন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: তালা উপজেলার জিয়ালা বাজারের রহিম বক্সের ছেলে আবুল হাশেমের কাছে বাজারের মুদি ব্যবসায়ী খুলনার ডুমুরিয়ার চণ্ডীপুর গ্রামের জবেদ আলীর ছেলে শহীদুল ইসলাম ৪০০ টাকা পেতেন। বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর দোকানে হালখাতা ছিল। রাতে হাশেম ১০০ টাকা নিয়ে ওই দোকানে যান। শহীদুল সব টাকা পরিশোধ করার জন্য তাঁকে চাপ দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে শহীদুল ৫০০ গ্রামের একটি বাটখারা দিয়ে হাশেমের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় হাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ঘটনাস্থল ডুমুরিয়ার মধ্যে। সে কারণে ডুমুরিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। রাজবাড়ী: সদর উপজেলার ধুলদী লক্ষ্মীপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে হাসেম মুন্সীর (৭০) বাড়ির সীমানার কদমগাছ তাঁর ছোট ভাই রফিক মুন্সীর ছেলে রাজীব মুন্সী কাটতে গেলে বিরোধের সূত্রপাত হয়। সন্ধ্যায় হাসেমকে রাজীব ও তাঁর বাবা লাঠি দিয়ে পেটান। এ সময় হাসেমের ছেলে ইলিয়াস মুন্সী এগিয়ে এলে তাঁকেও পেটানো হয়। পরে গুরুতর আহত হাসেমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ইলিয়াস গতকাল দুপুরে মামলা করেছেন। যশোর: স্থানীয় লোকজন চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড়ের শ্মশানঘাটের পাশে পানির ওপর শামীম চোধুরী (৩৫) নামের এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় চৌগাছা থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। চৌগাছা থানার ওসি গোলাম রহমান বলেন, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর কেউ লাশটি বাঁওড়ের তীরে শ্মশানঘাটের কাছে কচুরিপানার ভেতরে ফেলে গেছে।