রাজবাড়ী ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার ওই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া পাঁচজন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুরদাহ উত্তর পাড়ার ট্রাকচালক মো. আশরাফুল (২৫), তাঁর সহকারী অজ্ঞাত (৩৪), মেহেরপুরের গাংনী উপজেলার হাওয়াভাঙা গ্রামের ব্যবসায়ী আমিরুল ইসলাম (৪০) ও আকিদুল ইসলাম (৩০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের কামালদী সেতু এলাকায় ঢাকা থেকে বরিশালগামী একটি বাসের সঙ্গে ঝিনাইদহগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাস— দুটিই দুমড়েমুচড়ে রাস্তার দুই পাশে গিয়ে পড়ে।
দুর্ঘটনায় ট্রাকের চালক আশরাফুল ও সহকারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হন।
আহত বাসযাত্রী রাসেল ও জনিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাংশা হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে একটি ট্রলি গাড়ি বিভিন্ন গাছের চারা নিয়ে মেহেরপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
পথে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই চারা ব্যবসায়ী আমিরুল ও আকিদুল নিহত হন।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান প্রথম আলোকে জানান, লাশ পুলিশ হেফাজতে আছে। গাড়ির চালক পালিয়ে গেছে।