রাজবাড়ী কারাগারে ধারণক্ষমতার চার গুণ বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা কারাগারে বর্তমানে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার চার গুণ। ফলে বন্দীদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। কারাগার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে নয় একর জমিতে এই কারাগার নির্মাণ করা হয়। কারাগারে মোট ১০০ বন্দীর ধারণক্ষমতা রয়েছে। গত রোববার পর্যন্ত এখানে মোট বন্দী ছিল ৪০৬ জন। বন্দীদের জন্য একজন চিকিৎসকের পদ থাকলেও দীর্ঘদিন থেকে তা শূন্য রয়েছে। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী থাকায় সেখানে তাঁদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। কারাগারের ক্যানটিনে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য বিক্রি হয় দ্বিগুণ দামে। এ ব্যাপারে জেল সুপার বিনিতা রানী বলেন, তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে কারাগারের জন্য নির্ধারিত বরাদ্দের মধ্যে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করছেন। হাসপাতাল থেকে একজন চিকিৎসক কারাগারের রোগীদের দেখভাল করলেও স্থায়ীভাবে চিকিৎসকের নিয়োগ দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।