রাজবাড়ী-কুষ্টিয়া সরাসরি বাস চলাচল বন্ধ
রাজবাড়ী শ্রমিক ইউনিয়নের ‘সোনার হরিণ’ নামক একটি বাস রাজবাড়ী-পঞ্চগড় সড়কে চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ী-কুষ্টিয়ায় সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।রাজবাড়ী সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি মো. আবদুল কুদ্দুস খান বলেন, রাজবাড়ী ও কুষ্টিয়ার মালিক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ী-পঞ্চগড় সড়কে গত বুধবার থেকে ‘সোনার হরিণ’ বাসটি চলাচল শুরু করে। গত শনিবার সকাল সাড়ে সাতটায় বাসটি কুষ্টিয়ায় পৌঁছালে মালিক সমিতির লোকজন বাসের চালক ও তাঁর সহকারীকে মারধর করেন। এই ঘটনার পর সকাল নয়টার দিকে রাজবাড়ী সড়ক পরিবহনের নেতারা রাজবাড়ী দিয়ে চলাচলকারী কুষ্টিয়ার ১১টি বাস আটক করেন। অপর দিকে কুষ্টিয়া বাস মালিক গ্রুপ রাজবাড়ীর সাতটি বাস তাদের এলাকায় আটকে রাখে।রাজবাড়ী বাস মালিক গ্রুপের সভাপতি মো. আক্তারুজ্জামান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সড়কে চলাচলকারী সব বাস গতকাল বেলা তিনটা থেকে বন্ধ করা হয়েছে। কুষ্টিয়া বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. সেলিম জানান, কোনো অবস্থাতেই রাজবাড়ী সড়ক পরিবহনের বাসটি কুষ্টিয়ার ওপর দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক বলেন, ‘এটা মালিকপক্ষ ও শ্রমিকদের অভ্যন্তরীণ সমস্যা। উভয় পক্ষকে ডেকে সমস্যা সমাধানের জন্য বলেছি।’