রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাস বন্ধ ১৭ দিন
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে ৯ এপ্রিল থেকে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুই জেলার কয়েক হাজার যাত্রী বাসে যাতায়াত করতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজবাড়ী থেকে কুষ্টিয়া হয়ে বগুড়া-রাজশাহী সড়কে ‘সরকার’ পরিবহন নামে একটি দূরপাল্লার বাস চলাচল শুরু করে। কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং গ্রুপ কুষ্টিয়ার ওপর দিয়ে ওই বাস চলাচলে বাধা দিলে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপও রাজবাড়ীর ওপর দিয়ে ঢাকামুখী ‘রাজধানী’ এক্সপ্রেস চলাচলে বাধা দেয়। গত শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘রাজধানী’ পরিবহনের একটি বাস রাজবাড়ী শহরের মুরগির ফার্ম স্টপেজে পৌঁছালে স্থানীয় শ্রমিকেরা সেটি কুষ্টিয়ায় ফেরত পাঠিয়ে দেন। এ খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার বাস মালিক-শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।ওই দিন দুপুর দুইটার দিকে কুষ্টিয়া বাস মালিক সমিতির লোকজন বিলজানি, খোকসা, লাহিনী বটতলা, মোল্লাটেগর এলাকায় রাজবাড়ী মালিক সমিতির চারটি বাসের চালকসহ ছয়জন শ্রমিককে মারধর করে। এ ঘটনার পর শুক্রবার বেলা সাড়ে তিনটায় রাজবাড়ী ও কুষ্টিয়ার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।