রাজবাড়ী পৌর কর্মচারীদের বেতন নেই সাত মাস
রাজবাড়ী পৌরসভার কর্মচারীরা ছয়-সাত মাস ধরে বেতন পাচ্ছেন না৷ এতে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন৷ এ ঘটনায় পৌর কর্মচারী সংসদ ৩১ মের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছে৷ অন্যথায় আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে৷
এ বিষয়ে কর্মচারী সংসদের কার্যবিবরণীর (রেজল্যুশন) অনুলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, স্থানীয় সাংসদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের বরাবর জমা দেওয়া হয়েছে৷
এ ছাড়া দাবি আদায়ের জন্য কর্মচারী আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে৷
কার্যবিবরণী সূত্রে জানা গেছে, কর্মচারীরা প্রায় সাত মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না৷
পৌরসভার নিজস্ব তহবিল থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের কথা থাকলেও তা মানা হচ্ছে না৷ এসব কারণে বকেয়া বেতন পরিশোধের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে জুন মাসব্যাপী আন্দোলনের নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, বিভিন্ন দপ্তরে স্বারকলিপি পেশ, কর্মবিরতি ইত্যাদি৷
কর্মচারী সংসদের আহ্বায়ক নাজিম উদ্দিন মিয়া ওরফে পলাশ বলেন, পৌরসভায় নিয়মিত কর্মচারীর সংখ্যা ৮২ জন এবং মাস্টাররোলে ৩০ জন কর্মচারী কর্মরত রয়েছেন৷ বেতন না পাওয়ায় তাঁরা দুর্বিষহ জীবন যাপন করছেন৷
পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, ‘অনেক বছর আগে থেকেই অর্থবছর শেষের দিকে বিল বকেয়া থাকে এবং জুলাই-আগস্টে সব পরিশোধ করা হয়৷ এটি এ বছরই প্রথম নয়৷ আমি কর্মচারীদের বেতন পরিশোধের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি৷
তবে পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অতি-উৎসাহী কিছু কর্মচারী রেজল্যুশনের মাধ্যমে আলটিমেটাম দিয়েছেন৷’
জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, ছয়-সাত মাস বেতন না পাওয়ার বিষয়টি খুব অমানবিক৷ তাঁদের বকেয়া বেতন পরিশোধের জন্য পৌর মেয়রকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে৷