রাজবাড়ী-পোড়াদহ ট্রেন চলাচল ১৩ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী রেলস্টেশনের কাছে তেলের ট্যাংকারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই পথে ১৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রাজবাড়ী রেলস্টেশন মাস্টারের কার্যালয় থেকে জানা গেছে, ফরিদপুরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা একটি তেলের ট্যাংকারবাহী ট্রেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে কালুখালী রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে পোড়াদহ থেকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেন রাত সাড়ে ১০টা থেকে পাংশা রেলস্টেশনে আটকা পড়ে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পাংশার মাছপাড়ায় যাওয়ার জন্য কালুখালী স্টেশনে অপেক্ষমাণ যাত্রী সাগর কুমার বিশ্বাস বলেন, ট্রেনে যাতায়াত করলে তুলনামূলকভাবে খরচ কম হয়। ভ্রমণও অনেকটা নিরাপদ। কিন্তু মাঝেমধ্যেই ট্রেন লাইনচ্যুত হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। এতে রেলের যাত্রীসংখ্যা বাড়বে।
রাজবাড়ী স্টেশনমাস্টার হযরত আলী বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে এখন চলাচল স্বাভাবিক রয়েছে।