রাজবাড়ী হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর হাসপাতালের একজন চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বুধবার বহির্বিভাগে কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা। এতে বহির্বিভাগে সব ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। আজ বৃহস্পতিবার জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন। গতকাল সকাল ১০টায় সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ২০০ লোক অপেক্ষা করছে। রাজবাড়ীর সিভিল সার্জন নুরুল আমিন জানান, ‘চিকিৎসককে মারধরের ঘটনায় প্রতিবাদ জানানোর এ ছাড়া কোনো উপায় নেই। আমরা বাধ্য হয়েই এ পথ বেছে নিয়েছি।’ গত মঙ্গলবার বিকেলে বিষ পান করা একজন রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রোগীর স্বজনেরা রোগীকে আরেকবার দেখার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক হারুন অর রশিদকে অনুরোধ করেন। চিকিৎসক অ্যাম্বুলেন্সে রোগীকে দেখতে গেলে তাঁকে মারধর ও গালাগাল করা হয়। এরপর রোগীর স্বজনেরা ওই চিকিৎসককে ধরে নিয়ে যেতে চাইলে হাসপাতালের কর্মচারীদের বাধার মুখে তাঁকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।