রাজবাড়ী হাসপাতালে সব ওষুধ পান ৮.৬ ভাগ রোগী
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিত্সা নিতে আসা মানুষের মধ্যে প্রয়োজনীয় সব ওষুধ পান এমন রোগীর সংখ্যা মাত্র ৮ দশমিক ৬ শতাংশ। অন্যান্য উপকরণ পান এমন রোগীর সংখ্যা ৩ দশমিক ২ শতাংশ। সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী শাখার উদ্যোগে হাসপাতালটির রিপোর্ট কার্ড জরিপের প্রতিবেদনে গত বুধবার এ তথ্য জানানো হয়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় হাসপাতালে সপ্তাহব্যাপী ৫১০ জন সেবাগ্রহীতার ওপর এ জরিপ চালানো হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে হাসপাতাল মিলনায়তনে সনাক এক মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনটির রাজবাড়ী শাখার সভাপতি খন্দকার তাহিরা হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন নুরুল আমীন। প্রতিবেদনে জানানো হয়, এ হাসপাতালে রোগীদের কথা মনোযোগ দিয়ে না শুনেই ব্যবস্থাপত্র দেন চিকিত্সকেরা। এ ছাড়া পরিচিত ও অবস্থাপন্ন রোগীদের অগ্রাধিকার দেওয়া হয়। আয়ারা বিভিন্ন অজুহাতে রোগীদের কাছ থেকে বকশিশ নেন। সিভিল সার্জন নুরুল আমীন জানান, আর্থিক সীমাবদ্ধতায় সব রোগীকে ওষুধ দেওয়া সম্ভব হয় না। তিনি বলেন, হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও জনবল রয়েছে মাত্র ৫০ শয্যার। ফলে চিকিত্সক-সংকট থাকায় রোগীদের অপেক্ষা করতে হয়।