রাজবাড়ীতে অনির্দিষ্টকালের ধর্মঘটে দলিল লেখকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলা রেজিস্ট্রি কার্যালয়ে গত মঙ্গলবারের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারী অন্যদের গ্রেপ্তারের দাবিতে দলিল লেখক সমিতি গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।
গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাব-রেজিস্ট্রার গাজী আবদুল করিমসহ পাঁচজনকে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আবদুল করিম বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন। সাব-রেজিস্ট্রার গতকাল প্রথম আলোকে বলেন, তিনি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন। তবে দলিল লেখকেরা ধর্মঘটে যাওয়ায় গতকাল থেকে জমি নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
দলিল লেখক সমিতির নেতা আমিনুল ইসলাম বলেন, রাজবাড়ী সদর রেজিস্ট্রি কার্যালয়ে সপ্তাহে তিন দিন দলিল নিবন্ধন (রেজিস্ট্রি) করা হয়। প্রতিদিন গড়ে ৬০-৭০টি দলিল নিবন্ধন করা হয়। এতে প্রতি সপ্তাহে প্রায় সাত-আট লাখ টাকা রাজস্ব আদায় হয়। দলিল লেখা ও স্ট্যাম্প ভেন্ডারের সঙ্গে প্রায় দেড় শ মানুষ যুক্ত রয়েছেন। রেজিস্ট্রি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে তাঁরা এ ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটের কারণে সেবা নিতে আসা মানুষের কষ্ট হচ্ছে, এ কথা স্বীকার করে আমিনুল বলেন, ‘দাবি মানা হলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব।’
আন্দোলনকারীরা দুই দফা দাবি জানিয়েছেন: মঙ্গলবারের হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা এবং সদর উপজেলায় স্থায়ী রেজিস্ট্রি কার্যালয় স্থাপন।
দাবি আদায়ে দলিল লেখকেরা গতকাল সকালে রেজিস্ট্রি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল সহকারে তাঁরা জেলা প্রশাসক জিনাত আরার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে তাঁরা পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে গিয়ে স্মারকলিপি দেন।
এক আসামি গ্রেপ্তার
হামলার ঘটনার মামলায় প্রধান আসামি করা হয়েছে তরিক আহম্মেদ ওরফে অমিতকে। তিনি শহরের সজ্জনকান্দার বড়পুল এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, ঘটনার পর থেকে তরিক পলাতক রয়েছেন। মামলার ২ নম্বর আসামি বিপ্লব কুমার সরকারকে (৩৫) মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের বিনোদপুর গ্রামের নিউকলোনি এলাকার বাসিন্দা। তবে পুলিশি হেফাজতে বিপ্লব বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে বাড়ি থেকে পুলিশ ধরে এনেছে।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া বলেন, গ্রেপ্তার বিপ্লবকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।