রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর গ্রামের মেছোঘাটা এলাকার ফারুক মোল্লা (২৩) নামে এক তরুণকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের সানারচর এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
নিহতের বড় ভাই জাফর মোল্লা ও এলাকার কয়েকজন সূত্রে জানা যায়, ২০ মে ঢাকার লালবাগে ফারুক তাঁর বাড়িতে বেড়াতে যান। ২৫ মে দুপুরে ফারুক তাঁর ভািবকে জানান শাজাহান, ঠান্ডু, সোহেল নামে তাঁর কয়েকজন বন্ধু ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় নজরুল ইসলামের কারখানার কাছে তাঁকে দেখা করতে বলেছে। এরপর বাড়ি থেকে বের হওয়ার পর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২৭ মে তিনি বাদী হয়ে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের সানারচর এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ খবর বেনীনগর এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হযরত চৌধুরী, জালাল চৌধুরী ও অহেদ চৌধুরীর বাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। এঁরা যথাক্রমে ঠান্ডু, সোহেল ও শাজাহানের বাবা। এতে ছয়টি ঘর পুড়ে যায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজ কুমার সাহা জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তিনটি বসতঘর, দুটি গোয়ালঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়।