রাজবাড়ীতে আ.লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামে গতকাল শুক্রবার আবদুস ছাত্তার শেখ (৫৪) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আবদুস ছাত্তার ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে খালাসির পদে কর্মরত ছিলেন।
নিহত আবদুস ছাত্তারের দুলাভাই নূর আলম বলেন, গতকাল বেলা সোয়া দুইটার দিকে গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে ছাত্তারের মুঠোফোনে একটি কল আসে। কল পেয়ে মোনাজাত না করেই বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে থাকতে গামছা দিয়ে মুখ প্যাঁচানো ছয়-সাতজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে এবং মাথায় গুলি চালায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, আবদুস ছাত্তার বেশ আগে চরমপন্থী সংগঠন ‘কমিউনিস্ট লীগের’ সঙ্গে জড়িত ছিলেন। রেলের খালাসি পদে চাকরি নিয়ে রাজবাড়ী আসার পর তাঁর সঙ্গে আরেক চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁর বিরোধ শুরু হয়। সাম্প্রতিক সময়ে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেলেও চরমপন্থী সংগঠনের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা অব্যাহত ছিল।
হত্যাকাণ্ডের ব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, পুলিশ সুপার (এসপি) রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেললাইনের ওপর হত্যাকাণ্ডটি হওয়ায় রেলওয়ে থানার পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আলমগীর বলেন, প্রায় দেড় বছর আগে এক রাতে বাড়িতে খাবার খাওয়ার সময়ও আবদুস সাত্তারকে গুলি করেছিল সন্ত্রাসীরা। গুলিটি তাঁর গায়ে না লাগায় প্রাণে রক্ষা পান তিনি। ঘটনার পর তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এর কয়েক দিন পর সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে আহত করেছিল।
স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী জানান, গতকাল জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এ হত্যাকাণ্ডের ওপর শোক প্রস্তাব তোলা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।