রাজবাড়ীতে আগুনে গৃহবধূর মৃত্যু গোপালগঞ্জে নয় দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার কোলা গ্রামে রোববার অগ্নিকাণ্ডে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এবং শিশুসহ দুজন আহত হয়েছে। গত রোববার দিবাগত রাতে গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের রিকশাচালক আবু পাটোয়ারীর বাড়িতে রোববার রাত নয়টার দিকে আগুন লাগে। এ সময় ওই রিকশাচালকের স্ত্রী ভানুয়ারা বেগম (২৫) তাঁর মেয়ে মিমকে (৩) নিয়ে ঘুমিয়েছিলেন। পরে পাশের বাড়িতে থাকা ভানুয়ারা বেগমের শাশুড়ি রাহিমা বেগম (৫৮) ও এলাকাবাসী দরজা ভেঙে ভেতর ঢুকে মিমকে উদ্ধার করে। কিন্তু তারা ভানুয়ারা বেগমকে উদ্ধার করতে পারেনি। তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় আরও একটি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে রাহিমা বেগমের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আহত মিম ও রাহিমা বেগমকে তাত্ক্ষণিকভাবে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরাদুল হক বলেন, ‘ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের তহবিল থেকে (আজ সোমবার) নগদ ১০ হাজার টাকা ও চাল দেওয়া হবে।’গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়ামের সামনে গত রোববার দিবাগত রাত তিনটার দিকে এতিমখানা মর্কেটের একটি হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনে অহিদ মোল্লা, নান্নু ফকির, মো. সত্তার সিকদার, মো. আহাদ আলী শেখ, কৃষ্ণ চন্দ্র শীল, নুরু মিয়া, রাকিব হোসেনের দোকানসহ নয়টি দোকান পুড়ে যায়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।