রাজবাড়ীতে আজ শেষ হচ্ছে একুশে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে আয়োজিত একুশে বইমেলা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।

জেলা প্রশাসনের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গত সোমবার চার দিনব্যাপী এ বইমেলা শুরু হয়। বইমেলায় প্রতিদিন নানা অনুষ্ঠান হয়। মেলাস্থলের বিশেষ আকর্ষণ ক্যানভাসে আঁকা ব্যতিক্রমী চিত্রকর্ম।

বিজয়ের ৪৫তম বছর উপলক্ষে মেলায় ‘বিজয়ের ৪৫-এ শিশু-কিশোরদের ঐতিহ্য-ভাবনা’ শীর্ষক এই চিত্রকর্ম তৈরি করা হয়। ৪৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের ক্যানভাসে আঁকা চিত্রটি সোমবার বইমেলা প্রাঙ্গণের এক পাশে প্রদর্শিত হয়। এতে রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়।

রাজবাড়ীর বুনন শিল্প পরিসর সংগঠন এ চিত্রকর্ম তৈরির উদ্যোগ নেয়। এর মূল তত্ত্বাবধানে ছিলেন বুনন শিল্প পরিসরের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম। তিনি বলেন, মানুষকে সামনে এগোতে হলে পেছনেও ফিরে দেখতে হয়। এমনকি গাড়িও অগ্রসর হয় পেছনে নজর রেখে। তাই আমাদের শিশু-কিশোরদের সামনের পথটা দেখাতে অতীতের পানে চেয়ে দেখা জরুরি। নিজ জেলার ইতিহাস-ঐতিহ্যকে জানানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে শিশু-কিশোরদের এই চিত্রকর্ম আঁকা হয়।

আয়োজকদের দাবি, এটি দেশের সবচেয়ে বৃহৎ চিত্রকর্ম। প্রতিদিন মেলায় আসা দর্শক, অতিথি সবারই নজর ছিল ওই ক্যানভাসের দিকে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা বলেন, এমন বৃহৎ চিত্রকর্মের প্রদর্শনী দেশের কোথাও জেলা শহরে হয়েছে বলে তাঁর জানা নেই।