রাজবাড়ীতে আবেদন করেও মিলছে না তথ্য
রাজবাড়ীতে তথ্য অধিকার আইনে আবেদন করেও কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায়নি।
এই প্রতিবেদক তথ্যপ্রাপ্তির আবেদনপত্রের মাধ্যমে গত বছরের ২৩ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের রাজবাড়ীর উপপরিচালকের কাছে তথ্য চান। আবেদনপত্রে ২০১৪-১৫ অর্থবছরে রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়ন পরিষদের এলজিএসপির বরাদ্দ, কার্যক্রমের বিবরণ, বরাদ্দ অর্থ কোনো ইউনিয়ন পরিষদ থেকে ফেরত নেওয়া হয়েছে কি না এবং কর্মসূচির কাজে অনিয়মের জন্য কাউকে শাস্তি বা জরিমানা করা হয়েছে কি না, সে বিষয়ে লিখিতভাবে তথ্য চাওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরেও কোনো তথ্য সরবরাহ করা হয়নি।
তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চেয়ে আবেদনের দিন থেকে ২০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে তথ্য সরবরাহ করতে হবে। কাঙ্ক্ষিত তথ্যের সঙ্গে একাধিক কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে তথ্য প্রদানে অপারগ হলে ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে অপারগতার কারণ উল্লেখ করে বিষয়টি অবহিত করবেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগ রাজবাড়ীর ভারপ্রাপ্ত উপপরিচালক সৈয়দা নওশিন পর্ণিনীর সঙ্গে দুই দিন যোগাযোগ করা হয়। প্রথম দিন তিনি প্রতিবেদককে পরে আসতে বলেন। পরে যোগাযোগ করা হলে বলেন, তথ্য চেয়ে আবেদনের বিষয়টি তিনি জানেন না।
এরপর ২১ জানুয়ারি জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের কাছে তথ্য অধিকার আইন অনুযায়ী আপিল করা হয়। তিনি ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। ২ ফেব্রুয়ারি থেকে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন বেগম জিনাত আরা।
বেগম জিনাত আরা গত বুধবার বলেন, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছেন। কাঙ্ক্ষিত তথ্যের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে তথ্য দেওয়া হবে, কিন্তু একটু সময় লাগবে।