রাজবাড়ীতে আরও ১৫ জনের করোনা শনাক্ত

রাজবাড়ীতে আজ রোববার আরও ১৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২২১।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, পাংশায় ২ জন ও বালিয়াকান্দিতে ১ জন রয়েছেন।
রাজবাড়ীতে গতকাল শনিবার দুই ধাপে মোট ৫৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সকালে ১৩ ও বিকেলে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাঁচজন চিকিৎসক রয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যানুযায়ী, গতকাল বিকেলের ফলাফলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বালিয়াকান্দি উপজেলায়। তাঁদের মধ্যে রয়েছেন ইউএনও, দুজন চিকিৎসকসহ মোট ১৫ জন। কালুখালী উপজেলায় ৩ জন চিকিৎসক, ৭ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ জন। সদর উপজেলায় আটজন। গোয়ালন্দ উপজেলায় তিনজন। গোয়ালন্দে এক সাংবাদিক দম্পতি রয়েছেন। অপর দিকে পাংশায় আক্রান্ত হয়েছেন দুজন।
সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, চিকিৎসক আক্রান্ত হওয়ায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসাসেবা ছাড়া ভর্তি ও বর্হিবিভাগে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে। অপর দিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ঘোষণা করার পর থেকে সাধারণ রোগী ভর্তি বন্ধ রয়েছে।