রাজবাড়ীর বেশির ভাগ ইটভাটা চলছে অনুমোদন ছাড়াই। কয়েকটির অনুমোদন নেওয়া হলেও পরে তা আর নবায়ন করা হয়নি। এ ছাড়া পরিবেশের বারোটা বাজিয়ে দেদার কাঠ পোড়ানো হচ্ছে এসব ইটভাটায়। তথ্য অধিকার আইনে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে পাওয়া নথি থেকে এবং সরেজমিনে এ চিত্র পাওয়া গেছে।
ইটভাটার বিষয়ে তথ্য পেতে গত ৩১ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আরিফুল হক স্বাক্ষরিত ১২ পৃষ্ঠার একটি নথি সরবরাহ করা হয়।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, রাজবাড়ীতে মোট ইটভাটার সংখ্যা ৬২। এর মধ্যে ৩৯টিরই কোনো অনুমোদন (লাইসেন্স) নেই। বাকি ২৩টির লাইসেন্স নেওয়া হয়েছিল। তার মধ্যে ১১টির মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। অবশ্য, এসব তথ্য ২০১৫ সালের সেপ্টেম্বরে হালনাগাদ করা।
রাজবাড়ী সদর উপজেলার ২৮টি ইটভাটার মধ্যে ১১টির লাইসেন্স নেওয়া হয়। তবে ৪টির লাইসেন্স পরে আর নবায়ন করা হয়নি। বাকি ১০টি ভাটা কোনো লাইসেন্স নেয়নি। অপর ৭টি ইটভাটার বিষয়ে কোনো তথ্য নেই জেলা প্রশাসনের কাছে।
পাংশা উপজেলার ১১টি ইটভাটার মধ্যে ৩টির মালিক লাইসেন্স নিয়েছিলেন। তবে ২টির মেয়াদোত্তীর্ণ হলেও তা নবায়ন করা হয়নি। বাকি ৮টি লাইসেন্স ছাড়াই চলছে।
কালুখালী উপজেলার ১০টি ইটভাটার মধ্যে লাইসেন্স নেওয়া হয় ৩টির। এর মধ্যে ১টির লাইসেন্সের মেয়াদ আছে; আরেকটির মেয়াদোত্তীর্ণ; অন্যটির ব্যাপারে কোনো তথ্য দেওয়া নেই। আরেকটির লাইসেন্স নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অবশিষ্ট ৬টি ইটভাটার কোনো লাইসেন্স নেই। এই ৬টি ইটভাটার মধ্যে ২টি বন্ধ রয়েছে।
বালিয়াকান্দি উপজেলার ৯টি ভাটার মধ্যে ৩টির লাইসেন্স নেওয়া হয়। তবে ২টির লাইসেন্স পরে আর নবায়ন করা হয়নি। বাকি ৬টির কোনো লাইসেন্স নেই।
গোয়ালন্দ উপজেলার ৪টি ইটভাটার মধ্যে ২টির লাইসেন্স নেওয়া হয়। তারা পরে আর সেটি নবায়ন করেনি। তবে হালনাগাদ নবায়নের জন্য ১টি ভাটার আবেদন করেছে। অপর ভাটা ২টির কোনো লাইসেন্স নেই।
তবে এ তথ্যের সঙ্গে মিল নেই পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের দেওয়া তথ্যের। তাদের হিসাবমতে, রাজবাড়ীতে মোট ইটভাটা আছে ৭৩টি। এর মধ্যে অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে এবং আধুনিক পদ্ধতি ব্যবহার করে ভাটা পরিচালিত হচ্ছে ৫৯টি। অবৈধ ফিক্সড চিমনি ব্যবহার করছে ২৭টি। এগুলো বন্ধের নোটিশ দেওয়া হলেও উচ্চ আদালতে আপিল করে নোটিশের ওপরে স্থগিতাদেশ নিয়ে মালিকেরা ভাটাগুলো চালাচ্ছেন।
পুড়ছে কাঠ
সম্প্রতি সরেজমিনে চারটি ইটভাটায় গিয়ে দেখা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে এগুলোতে দেদার পোড়ানো হচ্ছে বিভিন্ন কাঠ গাছ। ভাটার ওপরে ও চারপাশে কাঠ আর ডালপালা স্তূপ করে রাখা হয়েছে। ট্রাক ও ইঞ্জিনচালিত লরিতে করে কাঠ আনা-নেওয়া করা হচ্ছে। ভাটার পাশে স্থাপিত করাতকলে কাঠ চিরে ভাটায় ফেলা হচ্ছে। ভাটার চিমনি দিয়ে বেরোনো কালো ধোঁয়া চারদিকে দূষণ ছড়াচ্ছে।
সদর উপজেলার সেবা ব্রিকসে গিয়ে দেখা যায়, কয়েক ব্যক্তি কাঠ ওজন দেওয়া এবং স্তূপ করার কাজে ব্যস্ত। নওশের আলী প্রামাণিক নামের একজন নিজেকে কাঠ সরবরাহকারী পরিচয় দিয়ে বললেন, প্রতিদিন এ ভাটায় ২৫০-৩০০ মণ কাঠ লাগে। গড়ে প্রতি মণ খড়ির দাম ১১০ টাকা। সে হিসাবে প্রতিদিন এ ভাটায় ৩৩ হাজার টাকার কাঠ পুড়ছে।
একই উপজেলার এসআইবি ব্রিকসের ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, প্রতিদিন তাঁদের ভাটায় প্রায় পাঁচ টন কয়লা লাগে। কয়লার ওপর চাপ কমাতে কাঠ ব্যবহার করেন তাঁরা। ভাটায় কাঠ পোড়ানোর নিয়ম নেই এ কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, অনেক সময় রাস্তার আশপাশের অনেক মরা গাছ লোকজন বিক্রি করে দেন। সাধারণত তাঁরা সেগুলো কেনেন। পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই কাঠ পোড়ানো হচ্ছে বলে দাবি করেন মান্নান। তবে তিনি এ-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল্লাহ তালুকদার বলেন, ‘ইটভাটায় কাঠ পোড়ানোর নিয়ম নেই। গত বছরের অক্টোবর মাসে আমরা সব ইটভাটার মালিককে নোটিশ দিয়ে কাঠ পোড়াতে নিষেধ করেছি। এর আগে জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। প্রয়োজনে আবার আলোচনা সাপেক্ষে করণীয় ঠিক করব।’
রাজবাড়ী জেলা প্রশাসক জিনাত আরা প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন কিছুদিন আগে ইটভাটার মালিকদের সঙ্গে বৈঠক করেছে। নিয়ম না মানলে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে প্রশাসনের এই অবস্থান তাদের জানিয়ে দেওয়া হয়। এরই মধ্যে অভিযানও শুরু হয়েছে।