রাজবাড়ীতে এক গৃহশিক্ষকের কাণ্ড
রাজবাড়ীতে এক স্কুলছাত্রী (১৪) ও তার গৃহশিক্ষকের গোপন ভিডিওচিত্র নিয়ে মামলা হয়েছে। পাংশা উপজেলায় মোবাইল ফোনসেটের ক্যামেরায় পৃথকভাবে ওই ভিডিওচিত্র ধারণ করা হয়। ভিডিওচিত্রের সিডি বাজারে আসার পর তা পেয়ে গত ১৮ জানুয়ারি গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা করেছেন স্কুলছাত্রীর মা। মামলায় গৃহশিক্ষক কামাল মোল্লা (২৫), তাঁর সহযোগী আনোয়ার মোল্লা (২৩) ও হীরণ নামের এক ব্যক্তি এবং অজ্ঞাত দুজনকে আসামি করা হয়। এ ঘটনায় মহিলা পরিষদ জেলা শাখার নেতারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে গত ৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে তাঁরা স্মারকলিপি দেন। বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি দেবাহুতি চক্রবর্তী বলেন, ‘আমরা প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী আকমল হুসেন ইলিয়াস জানান, মামলার পর আদালত এ ব্যাপারে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রমাণসহ প্রতিবেদন দিতে রাজবাড়ীর জেলা মহিলা অধিদপ্তরকে নির্দেশ দেন। রাজবাড়ী মহিলা অধিদপ্তরের মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) সবিতা চন্দ্র জানান, ওই নির্দেশ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে তদন্ত করে ঘটনার সত্যতার প্রমাণসহ প্রতিবেদন আদালতে দেওয়া হয়। আদালত সূত্র জানায়, প্রতিবেদন পাওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি মামলার আসামিদের গ্রেপ্তারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানার কাগজ সংশ্লিষ্ট থানায় পৌঁছালে আসামিদের গ্রেপ্তার করা হবে। এ সংক্রান্ত কাগজ রাজবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মোফাজ্জেল হোসেনের কাছে এখনো পৌঁছায়নি বলে তিনি জানান।মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০০৮ সালে ওই ছাত্রী পাংশার বাহাদুরপুর ডাঙ্গীপাড়া গ্রামে নানাবাড়িতে থেকে স্থানীয় উচ্চবি+-দ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। তার বাবা মালয়েশিয়াপ্রবাসী। এ সময় ওই গ্রামের কামাল মোল্লা তাকে প্রাইভেট পড়াত। একপর্যায়ে কামালের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা জানতে পারেন। এরপর স্কুলছাত্রীকে নিয়ে তার মা পাংশা পৌরশহরের মাগুরাডাঙ্গীতে এক ভাড়া বাড়িতে বাস করতে থাকেন। একই বছর ১২ নভেম্বর বার্ষিক পরীক্ষা শেষে ফেরার সময় তাকে স্থানীয় একটি স্টুডিওতে নিয়ে ছবি তোলে কামাল। পরে কামাল ও তার চাচা আনোয়ার ছাত্রীকে নিয়ে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে যায়। এ সময় ভয় দেখিয়ে কামাল তাকে ধর্ষণ করে এবং আনোয়ার মোবাইল ফোনসেটের ক্যামেরায় তা ভিডিও করে। ২৬ নভেম্বর বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে কামাল ও আনোয়ার তাকে ধর্ষণ করে। সহযোগী এক বন্ধু ওই দৃশ্য মোবাইল ফোনসেটের ক্যামেরায় ভিডিও করে। ঘটনার বেশ কিছুদিন পর স্থানীয় বাজারে ভিডিওর অ্যালবামের দোকানে ছাত্রীকে ধর্ষণ করার দৃশ্যের সিডি বিক্রি হতে থাকে। এ সময় এলাকার অনেকে এটি দেখে ওই ছাত্রী ও কামালকে শনাক্ত করেন। লোকমুখে ঘটনা শুনে ছাত্রীর মা সিডি জোগাড় করে ঘটনার সত্যতা পান। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর বাড়িতে গেলে তার নানা অভিযোগ করেন, আসামি কামাল মামলা তুলে নিতে মোবাইল ফোনে তাঁকে বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। কামালের মা শাহেদা বেগম বলেন, ‘শুনেছি কামাল এ ধরনের খারাপ কাজ করেছে। ছেলে অপরাধ করেছে, এখন ওর শাস্তি হলে আমাদের করার কী আছে?’