রাজবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আহত ৫
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে গতকাল সোমবার সকালে বাহাদুর মোল্লা (৭২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় নিহত বাহাদুরের বড় ভাই তাবিবুর রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছেলে জাহাঙ্গীর মোল্লা, আনিস মোল্লা, প্রতিবেশী রহিম সেক ও আনিস সেককে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাহাদুরের ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৬) জানান, লক্ষণদিয়া ডাঙ্গিপাড়া জামে মসজিদের ইমাম মো. ওয়ালি খান ও ইদ্রিস সরকারের মধ্যে বিরোধের জের ধরে তগকাল সকাল সাড়ে সাতটার দিকে ইদ্রিস সরকারের লোকজন ওয়ালী খানের বাড়িতে গিয়ে চড়াও হয়। তিনি প্রতিবাদ করলে তাঁকে ধাওয়া করে। তিনি বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখানে হামলা করে।প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান জানান, ইদ্রিস সরকারের নেতৃত্বে তাঁর ছেলে আবু বক্কার, ভাতিজা আমিরুল, বিল্লাল, জহুরুল এবং প্রতিবেশী ওহিদুর, সবুর, মোহাইমূলসহ ৪০-৫০ জন এই হামলা চালায়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হোসেন জানান, এ ঘটনায় বাহাদুরের ছেলে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।