রাজবাড়ীতে একুশে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গতকাল সোমবার থেকে একুশে বইমেলা শুরু হয়েছে। একই অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। পরে এক আলোচনা সভায় জেলা প্রশাসক জিনাত আরা সভাপতিত্ব করেন। পুলিশ সুপার সালমা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মানোয়ার হোসেন মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফকীর আবদুর রশিদ, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বইমেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। এ সময় সাংসদ জিল্লুল হাকিম বই কিনে উপহার হিসেবে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হাতে তুলে দেন। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারও সাংসদ এবং তাঁর সহধর্মিণীর হাতে উপহার হিসেবে বই তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার পাঁচ গুণীজনের হাতে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৫’ তুলে দেওয়া হয়। তাঁরা হলেন আবদুল হালিম বিশ্বাস (ফটোগ্রাফি), নরেশ ঘোষ (যাত্রা), আবদুল ওয়াহেদ মণ্ডল (নাট্যকলা), আবদুস সোবহান (লোকসংস্কৃতি) এবং শ্যামা রানী দে (কণ্ঠসংগীত)। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।