রাজবাড়ীতে এবার চরমপন্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলা থেকে গত শুক্রবার আলম তালুকদার (২৩) নামের এক চরমপন্থীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সদর উপজেলায় তিন দিনের ব্যবধানে তিনটি খুনের ঘটনা ঘটল।পুলিশ জানায়, গত শুক্রবার সকালে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে মান্নান তালুকদারের কলাবাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে দুটি শিশু গ্রামবাসীকে জানায়। গ্রামবাসীর খবর পেয়ে পুলিশ আলমের লাশ উদ্ধার করে।গ্রামবাসী জানায়, আলম নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ববাংলার সর্বহারা পার্টির সঙ্গে জড়িত। কিছুদিন ধরে তিনি সর্বহারাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। চরমপন্থী সদস্যদের সঙ্গে এ নিয়ে তাঁর মতবিরোধ দেখা দেয়। এ কারণে তাঁকে খুন করা হতে পারে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ প্রথম আলোকে জানান, এ ঘটনায় গত শুক্রবার বিকেলে আলমের মা রেজিয়া বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন। পরে ফজলু বেপারী ও সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা গাজি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার সদর উপজেলার চর নারায়ণপুর এলাকার একটি তামাকের খেত থেকে অজ্ঞাত এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত তাঁদের পরিচয় পাওয়া যায়নি। অস্ত্র থাকার কথা স্বীকাররাজবাড়ীর চরমপন্থী নেতা সুশীল সরকার ওরফে জাফরকে গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তিনি তাঁর কাছে একটি অত্যাধুনিক একে-৪৭ রাইফেল, একটি দুইনলা বন্দুক ও একটি শর্টগান থাকার কথা স্বীকার করেন। পুলিশ সুপার এস এম আইনুল বারী সাংবাদিকদের জানান, দক্ষিণাঞ্চলের পূর্ববাংলার সর্বহারা পার্টির কমান্ডার আবদুস সামাদ সম্প্রতি র‌্যাব-৮-এর একটি অভিযানে নিহত হন। এরপর সুশীল সংগঠনের আঞ্চলিক নেতা হিসেবে দায়িত্বভার নেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি হত্যাসহ বেশ কয়েকটি ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সুশীলকে গ্রেপ্তার করা হয়।