রাজবাড়ীতে ওএমএসের চাল বিক্রিতে অনিয়ম
রাজবাড়ীতে সরকারের খোলাবাজারে চাল বিক্রিতে (ওএমএস) অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলায় ২৯ জন ডিলার খাদ্য বিভাগ ও জেলা প্রশাসনের নিয়োগকৃত তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে এ চাল বিক্রি করার কথা থাকলেও অধিকাংশ ডিলার এ নিয়ম মানছেন না। এ সুযোগে কোনো কোনো ডিলার ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।গোয়ালন্দ উপজেলা খাদ্যগুদামের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার অধিকাংশ ডিলারই তদারকি কর্মকর্তার অনুপস্থিতিতেই চাল বিক্রি করছেন। এমনকি অনেক তদারকি কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে তেমন একটা দেখা যায় না। এ ছাড়া সকাল নয়টার সময় ওএমএসের চালের দোকান খোলার কথা থাকলেও তা মানা হচ্ছে না।রোববার রাজবাড়ী শহরের বিভিন্ন ওএমএস ডিলারের দোকান ঘুরে অধিকাংশ দোকানে তদারকি কর্মকর্তাদের পাওয়া যায়নি। সকাল সাড়ে ১০টায় শহরের ভাজনচালা পাটবাজার এলাকার ডিলার আবদুল মজিদ খানের দোকান খোলা থাকলেও কোনো চাল ছিল না। ডিলার আবদুল মজিদ বলেন, দোকান খোলার সঙ্গে সঙ্গে অনেক ক্রেতা হওয়ায় চাল বিক্রি শেষ হয়ে গেছে।গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভজনচালা জনতা ব্যাংকের মোড়ে ডিলার আবদুল হাইয়ের দোকানে গিয়ে তদারকি কর্মকর্তা ইকবাল আহম্মেদকে পাওয়া যায়নি। মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি বিদ্যালয়ে চাকরি করি। এ কারণে সকালে বিদ্যালয়ে যাওয়ার আগে ডিলারের দোকানে গিয়ে তদারকি করি। বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষ করে বিকেলে আবার ডিলারের দোকানে যাই।’ জানা গেছে, জেলার বালিয়াকান্দি বাজারের ওএমএসের ডিলার আমিরুল ইসলাম ২৪ মার্চ দুই টন চাল উপজেলার জামালপুর বাজারের চাল ব্যবসায়ী ওমরেশ চন্দ্র দাসের কাছে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন। পরে তাঁর ডিলারশিপ বাতিল করা হয়।জেলা খাদ্য-নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত রাজবাড়ী জেলার ডিলাররা ৮৮০ মেট্রিক টন চাল তুলেছেন। ২৫ ফেব্রুয়ারি থেকে তাঁরা এ চাল বিক্রি শুরু করেছেন।জেলা খাদ্য-নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. ইউনুছ বলেন, জেলার অনেক স্থান থেকে ওএমএসের চাল বিক্রিতে ছোটখাটো ত্রুটির খবর পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে তদারকির জন্য বলা হয়েছে। এ ছাড়া কোথাও কোনো ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।