রাজবাড়ীতে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বহরপুর কলেজের সামনে কলেজছাত্র রিয়াজ শিকদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বহরপুর কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। নিহত কলেজছাত্রের সহপাঠী হাবিবুর রহমান ও অঞ্জলী জানায়, তারা কলেজে বিশেষ টিউটোরিয়াল পরীক্ষা দিয়ে বাসে বাড়ি ফিরছিল। এ সময় বাসের সহকারীকে পাঁচ টাকার স্থলে চার টাকা ভাড়া দেওয়ায় রিয়াজের সঙ্গে বচসা হয়। সুপারভাইজার তাকে নির্ধারিত স্থানে নামতে না দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে ধাক্কা দেন। এ সময় রিয়াজ বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন জানান, রিয়াজের চাচা জাহিদুল ইসলাম শনিবার রাতে হত্যা মামলা করেন। মামলায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করা হয়েছে। রিয়াজের বাবার নাম জব্বার শিকদার। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গ্রামে।