রাজবাড়ীতে কুরিয়ার সার্ভিসের গাড়িতে অগ্নিকাণ্ড
রাজবাড়ীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে গতকাল শুক্রবার আগুন লেগে মুঠোফোন, কম্পিউটারের যন্ত্রাংশসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
কাভার্ড ভ্যানটির চালক আক্তারুজ্জামান বলেন, সকাল নয়টার দিকে রাজবাড়ী শ্রীপুর বাস টার্মিনালে টোল দেওয়ার সময় তিনি পোড়া গন্ধ পান। তিনি সেখানে পানি ছিটিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গাড়িটি পাবলিক হেলথ মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ের সামনে নিয়ে আসেন। সেখানে গাড়ির দরজা খুলে ভেতরে প্রচুর ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের কমান্ডার ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, তাঁদের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরের কোনো দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করছেন ইন্দ্র প্রসাদ।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রাজবাড়ী কার্যালয়ের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, আগুনে ৬০-৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।