রাজবাড়ীতে গণমনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত ২৫ ছাত্রী
রাজবাড়ী সদর উপজেলার একটি মাদ্রাসায় গত তিন দিনে ২৫ ছাত্রী গণমনস্তাত্ত্বিক (মাস-হিস্টিরিয়া) সমস্যায় আক্রান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সব ছাত্রীকে দুই দিন মাদ্রাসায় আসতে বারণ করা হয়েছে।
উপজেলার বানীবহ ইউনিয়নে অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বৃচাত্রা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা। গতকাল বুধবার অসুস্থ হওয়া পাঁচ শিক্ষার্থী মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। তারা রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
বৃচাত্রা মাদ্রাসার অধ্যক্ষ মো. মুসা নোমানী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গত সোমবার বেলা ১১টার দিকে মাদ্রাসার কমনরুমে থাকা অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রী মাথাব্যথা ও বমি বমি অনুভব করে। কিছুক্ষণ পরে সপ্তম শ্রেণির দুই ছাত্রী ও নবম শ্রেণির এক ছাত্রীর একই অবস্থা হয়। খবর পেয়ে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় পল্লি চিকিৎসক আবদুর রহমান তাৎক্ষণিকভাবে মাদ্রাসায় আসেন। তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই ছাত্রীদের অভিভাবকদের মাধ্যমে বাড়ি পাঠান। মঙ্গলবার সকালে ক্লাস চলার সময় সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির ১১ ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বাড়ি পাঠানো হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, পরপর দুই দিন এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লতিফ মিয়া বিষয়টি সিভিল সার্জন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ একটি চিকিৎসক দল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসায় উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে অ্যাসেম্বলি চলছিল। এ সময় অষ্টম শ্রেণির ওই ছয় ছাত্রী মাথাব্যথা ও বমি বমি অনুভব করে। এরপর উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তাদের পরামর্শে তাদের দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশীল কুমার রায় প্রথম আলোকে বলেন, ওই পাঁচ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুরের তারা বাড়ি ফিরেছে।
এদিকে মাদ্রাসার অধ্যক্ষ মো. মুসা নোমানী বলেন, পরপর তিন দিন একই ঘটনা ঘটায় মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রী উপস্থিতির হার অনেক কমে যায়। ফলে ব্যবস্থাপনা কমিটির তাৎক্ষণিক সিদ্ধান্তে দুই দিনের জন্য মাদ্রাসা শুধু ছাত্রীদের জন্য ছুটি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার পর্যন্ত তাদের মাদ্রাসায় আসা লাগবে না।