রাজবাড়ীতে গৃহবধূ খুন স্বামীর বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নাওডুবি গ্রামের ধানখেত থেকে গতকাল বৃহস্পতিবার সকালে সাহানারা খাতুন (৪২) নামক এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সাহানারার স্বামী আবদুর রশিদ সরদার গত বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবার অভিযোগ করেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, সাহানারার সঙ্গে দীর্ঘদিন ধরে স্বামী রশিদ সরদারের সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাঁরা আলাদাভাবে যে যার পৈতৃক বাড়িতে বসবাস করতেন। সাহানারার ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাহমিনা (১৩) জানায়, বুধবার রাত ১০টার দিকে তার বাবা নাওডুবিতে এসে তার মাকে ডাকাডাকি করলে সে তার মাকে ডেকে দেয়। এ সময় তার বাবা কথা আছে বলে তার মাকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যান। কিন্তু রাতে তারা কেউ আর ফিরে আসেননি। সকালে বাড়ির অদূরে দক্ষিণ দিকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতে তার মায়ের জবাই করা লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতিয়ার রহমান জানান, স্বামীর সঙ্গে সাহানারার সম্পর্ক খারাপ ছিল। তবে রশিদ মাঝেমধ্যে সাহানারার বাড়িতে আসতেন। বুধবার সাহানারা গ্রামীণ ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ তুলেছেন। এই টাকার জন্য তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হায়দার মিয়া জানান, ধারণা করা হচ্ছে আবদুর রশিদ এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।