রাজবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের পর স্বামীকে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাল্লাহুরিয়ার ঘোড়া মার্কেট এলাকায় দুর্বৃত্তরা এক গৃহবধূকে ধর্ষণের পর তাঁর স্বামীর শরীর ঝলসে দিয়েছে। পুলিশ এ ঘটনায় বাবুল সরদার নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে গত বুধবার ওই গৃহবধূ সদর থানায় মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ওই এলাকার আজম শেখের বখাটে ছেলে জিল্লু শেখের নেতৃত্বে ছয়-সাতজন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। ঘটনার পরপরই তিনি বাড়ি ফিরে সেখানে দুর্বৃত্তদের দেখতে পান। এ সময় তিনি এক দুর্বৃত্তকে জাপটে ধরেন। একপর্যায়ে ওই দুর্বৃত্ত তাঁর (গৃহবধূর স্বামী) হাতে তরল পদার্থ ঢেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের চিকিৎসক এস এম এ হান্নান জানান, ওই গৃহবধূর স্বামী রাসায়নিক পদার্থে দগ্ধ হয়েছেন। রাজবাড়ী সদর থানার ওসি সারাফত উল্লাহ জানান, গৃহবধূকে ধর্ষণ ও তাঁর স্বামীকে ঝলসে দেওয়ার ঘটনায় এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।