রাজবাড়ীতে চরমপন্থী নেতা গ্রেপ্তার
রাজবাড়ী সদর থানা পুলিশ রোববার ভোররাতের দিকে রাজবাড়ী, মানিকগঞ্জ ও পাবনা অঞ্চলের পূর্ব বাংলার সর্বহারা পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা মনির মীরকে গ্রেপ্তার করেছে।রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাত তিনটার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকা থেকে মনির মীরকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিশেষ গোপনীয়তার মধ্যে তাঁকে রাজবাড়ীতে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকেলেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক আমজাদ হোসেন তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ড মুঞ্জুর হলেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের হাউলি জয়রামপুর এলাকার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের মৃত ওহিদ মীরের ছেলে।এসআই নিজাম উদ্দিন আরও জানান, সম্প্র্রতি র্যাবের হাতে ক্রসফায়ারে দক্ষিণাঞ্চলের চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার সর্বহারা পার্টির (লাল পতাকা) কমান্ডার আজিজুল ইসলাম ওরফে সামাদ মেম্বার ওরফে দুস্য কেহেরমান নিহত হওয়ার পর রাজবাড়ী, মানিকগঞ্জ ও পাবনা অঞ্চলের অন্যতম চরমপন্থী নেতা সুশীল ওই বাহিনীর দায়িত্ব নেন। সুশীল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে মুনির মীর পরিচিত।