রাজবাড়ীতে চরমপন্থীদের গুলিতে বালু ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বরাট বাজারে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে চরমপন্থী সন্ত্রাসীরা সালাম মৃধা নামের এক বালু ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। সালাম উপজেলার কাঁচরন্দ গ্রামের হাবিল মৃধার ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতেই শফিক (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে ছয়টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যার পর বরাটবাজারে সালাম মৃধাসহ কয়েকজন গল্প করছিলেন। রাত আটটার দিকে অতর্কিতভাবে চরমপন্থী দলের সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা করে। সন্ত্রাসীরা গুলি করে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালিয়ে নবগ্রাম গ্রামের শফিককে গ্রেপ্তার করে। বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হোসেন আলম জানান, সালাম মৃধা দীর্ঘদিন ধরে বরাট ও দাদশী বাজার এলাকায় বালুর ব্যবসা করতেন। বালুর ব্যবসা নিয়ে একটি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিরোধের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এ মান্নান মুঠোফোনে প্রথম আলোকে জানান, সালাম মৃধার লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে রাইফেলের ছয়টি তাজা গুলি ও সালাম মৃধার রক্তাক্ত টুপি উদ্ধার করা হয়েছে।