রাজবাড়ীতে চাঁদা না পেয়ে রেজিস্ট্রি কার্যালয়ে হামলা
রাজবাড়ী সদর উপজেলায় চাঁদা না পেয়ে গতকাল মঙ্গলবার রেজিস্ট্রি কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে সাবরেজিস্ট্রার গাজী আবদুল করিমসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তরিক আহমেদ অমিত (৩৫) নামের এক যুবকসহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।
তরিকের বাড়ি শহরের সজ্জনকান্দার বড়পুল এলাকায়। তাঁর বাবার নাম মহসিন উদ্দিন।
আহত সাবরেজিস্ট্রার গাজী আবদুল করিম, অফিস সহকারী গুরুদাস হালদার (৪৫), স্ট্যাম্প ভেন্ডার হারুন শেখ (৩৮), দলিল লেখক রেজাউল ইসলাম ও কর সংগ্রহকারী আবদুল মালেক রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানজিলা আফরিন বলেন, আহতদের শরীরে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা বেশ গুরুতর। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।
অফিস সহকারী গুরুদাস হালদার বলেন, ‘গতকাল বেলা তিনটার দিকে অমিতের নেতৃত্বে চারজন অফিসকক্ষে প্রবেশ করেন। ড্রয়ারে কত টাকা আছে, তা জানতে চান অমিত। একপর্যায়ে তাঁরা আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। পরে তাঁরা স্যারসহ (সাবরেজিস্ট্রার) অন্যদেরও মারধর করেন।’
সদর উপজেলার দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ‘আমি কার্যালয়ে ছিলাম। একপর্যায়ে তাঁরা স্যারকে (সাবরেজিস্ট্রার) কিল-ঘুষি মারতে থাকেন। তাঁকে উদ্ধার করতে গেলে আমাকে হাতুড়ি দিয়ে পেটান। আমি মেঝেতে পড়ে যাই।’
গাজী আবদুল করিম বলেন, ‘ঘটনার সময় আমি এজলাসে বসে কার্যক্রম পরিচালনা করছিলাম। তিন-চারজন যুবক প্রথমে অফিস সহকারীকে মারধর করেন। পরে এজলাসে বসে থাকা অবস্থায় আমাকেও মারধর করেন। অফিসের আরও কয়েকজন এগিয়ে এলে তাঁদের হাতুড়িপেটা ও কিল-ঘুষি মারা হয়।’ তিনি আরও বলেন, তরিকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে তিনি সদর থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, জমির নিবন্ধন কার্যক্রম চলার সময় হামলার ঘটনা ঘটে। সেবা নিতে আসা লোকজন ছোটাছুটি করেন। প্রায় ১৫ মিনিট তাণ্ডব চালানোর পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।