রাজবাড়ীতে চার খুনের মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে চাঞ্চল্যকর চার খুনের মামলায় পুলিশ ছয়জনকে অব্যাহতি দিয়ে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। গত ১৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন এই অভিযোগপত্র দাখিল করেন।অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মামলার প্রধান আসামি বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা গোলজার হোসেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুত্ফর রহমান বাচ্চু। অভিযুক্তদের মধ্যে তিনজন জেলহাজতে ও বাকি ১৪ জন পলাতক আছেন।মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার উড়াকান্দা বাজারের যুব মুক্তি ক্লাবে ইফতার শেষে আড্ডাকালে পদ্মা নদীর ওপার থেকে ট্রলারযোগে ২০ থেকে ২৫ জন সশস্ত্র চরমপন্থী এসে এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. সালাম মোল্লা, ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ও দফাদার সাইদুর রহমানকে হত্যা করে। গুলিবিদ্ধ বরাট ইউনিয়ন পরিষদের সচিব খন্দকার ফেরদৌস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৩১ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহত সালাম মোল্লার স্ত্রী ছনেকা বেগম ২৯ আগস্ট রাতে বরাট ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে হত্যামামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন জানান, দুই কর্মকর্তা বদলি শেষে তিনি এ মামলার দায়িত্ব পেলে গত ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। এই মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।